॥ ঐতিহ্য • ভক্তি • উৎসব ॥ Nabadwip, West Bengal · Celebrating Our Living Heritage
✦ Ras Festival 2026 · News & Updates ✦

নবদ্বীপ রাস শুধু উৎসব নয়, বাংলার ধর্মীয় ইতিহাসে অদ্বিতীয় ||

নবদ্বীপ রাস শুধু উৎসব নয়, বাংলার ধর্মীয় ইতিহাসে অদ্বিতীয় ||
নবদ্বীপ রাস উৎসব · ২০২৬

নবদ্বীপ রাস শুধু উৎসব নয়, বাংলার ধর্মীয় ইতিহাসে অদ্বিতীয় ||

নবদ্বীপ রাস শুধু উৎসব নয়, বাংলার ধর্মীয় ইতিহাসে অদ্বিতীয় ||

শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান শ্রীধাম নবদ্বীপে শ্রীকৃষ্ণের রাসযাত্রায় শাক্ত দেবদেবীর আরাধনা কেন?

সপ্তক দাস

নবদ্বীপ ধাম বলতেই সাধারণের মানসপটে ভেসে ওঠে শ্রীচৈতন্য মহাপ্রভুর পুণ্য জন্মভূমি ও লীলাক্ষেত্রের রূপ। কিন্তু কেবল বৈষ্ণব ঐতিহ্যের মধ্যেই এই প্রাচীন শহরের মাহাত্ম্য সীমাবদ্ধ নয়। ভাগীরথীর কোল ঘেঁষে গড়ে ওঠা নদীয়ার এই জনপদ ধারণ করে আছে বাংলার বহু শতাব্দীপ্রাচীন জ্ঞান, সংস্কৃতি ও আধ্যাত্মিক সাধনার গভীর ইতিহাস। একদা সেন রাজাদের রাজধানী এবং পরবর্তীকালে 'বাংলার অক্সফোর্ড' হিসেবে খ্যাত নবদ্বীপে যেমন বাসুদেব সার্বভৌম ও রঘুনাথ শিরোমণির হাত ধরে নব্যন্যায়ের জয়যাত্রা ঘটেছিল, তেমনি এই মাটিতেই ঘটেছিল বৈষ্ণব ভাবধারা ও তান্ত্রিক দর্শনের যুগান্তকারী সহাবস্থান। ষোড়শ শতকে প্রখ্যাত তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ এই নবদ্বীপেই বঙ্গদেশে প্রথম মৃন্ময়ী মূর্তিতে দক্ষিণা কালীর আরাধনার সূচনা করেন। ফলে নবদ্বীপ হয়ে ওঠে একাধারে প্রেমভক্তির পীঠস্থান এবং গভীর তন্ত্রসাধনার মিলনকেন্দ্র।

বৈষ্ণব দর্শনে বলা হয় পরমপুরুষ শ্রীকৃষ্ণ হলেন মধুর রসের ঘনীভূত আধার, আর তাঁকে কেন্দ্র করে পূর্ণিমা রাতের এই আনন্দোৎসবই হলো রাস। রাস পূর্ণিমার অমল জ্যোৎস্নায় বৃন্দাবনের যমুনাতীরে শ্রীকৃষ্ণ গোপীদের আহ্বান করেন এবং তাঁদের অহংকারবর্জিত বিশুদ্ধ ভক্তিভাবে তুষ্ট হয়ে দিব্যসঙ্গ দান করেন। বৈষ্ণবদের কাছে তাই রাস ভক্তের সঙ্গে ভগবানের মিলন উৎসব। তবে শ্রীচৈতন্য মহাপ্রভুর এই পুণ্যভূমিতে বৈষ্ণবধর্মের পরম মিলনতিথিতে শাক্ত দেবদেবীর আরাধনা এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ব্যতিক্রমী অধ্যায়।

ইতিহাসের পথ ধরে ফিরে তাকালে দেখা যায়, শ্রীচৈতন্যদেবের সময় থেকেই নবদ্বীপে বৈষ্ণবধর্মের বিপুল জোয়ারে শাক্তমতের প্রভাব ক্রমশ ম্রিয়মাণ হতে শুরু করেছিল। পরবর্তীকালে নবাবের কারাগার থেকে মুক্তি পেয়ে নদীয়ারাজ মহারাজা কৃষ্ণচন্দ্র রায় ধর্মে ও সংস্কৃতিতে এক নতুন নবজাগরণের সূচনা করেন। মূলত শক্তির পূজারি এই নৃপতির শরণাপন্ন হন স্থানীয় কোণঠাসা শাক্ত সাধকসমাজ। তখন তান্ত্রিক সাধক ভৃগুরামের পরামর্শে মহারাজ কৃষ্ণচন্দ্র ১৭৪০ থেকে ১৭৬০ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে রাস পূর্ণিমার দিনটিতেই শাক্ত দেবদেবীদের আরাধনার নির্দেশ ও পৃষ্ঠপোষকতা দেন। যদিও এর পূর্বেও নবদ্বীপে পটে এঁকে 'পটপূর্ণিমা' বা 'রাসকালী' পূজার রেওয়াজ ছিল, কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রত্যক্ষ উৎসাহ ও আর্থিক অনুদানেই তা রাজকীয় বিশালতায় মৃন্ময়ী রূপ পরিগ্রহ করে। প্রথম শাক্ত মৃন্ময়ী মূর্তি হিসেবে পূজিতা হন এলানিয়া কালীমাতা, যার পৌরোহিত্য করেছিলেন শঙ্করনাথ তর্কবাগীশ।

নবদ্বীপের রাসের উৎসব-প্রস্তুতি শুরু হয় শারদোৎসবের ঠিক পরেই, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন বারোয়ারিগুলির কাঠামো পূজার মধ্য দিয়ে। এখানকার রাসের সর্বপ্রধান বিশেষত্ব হলো প্রতিমার অভাবনীয় বিশালতা এবং শাস্ত্রীয় রূপের নির্ভুল প্রতিফলন। প্রখ্যাত কার্টুনিস্ট চণ্ডী লাহিড়ী নবদ্বীপের এই ভাস্কর্যদক্ষতাকে পৃথিবীর যুগপৎ বিস্ময় ও গৌরব বলে উল্লেখ করেছিলেন। বিশাল উচ্চতা সত্ত্বেও প্রতিটি অঙ্গের নিখুঁত জ্যামিতিক ভারসাম্য ও সুষমা বজায় রাখা এখানকার মৃৎশিল্পীদের এক অনন্য রক্তগত পরম্পরা। গবেষক ড. সুধীর চক্রবর্তী যথার্থই লক্ষ্য করেছিলেন যে, কৃষ্ণনগরের শিল্পীরা ক্ষুদ্র পুতুলে পারদর্শী হলেও এমন বৃহদাকার মূর্তিশৈলীতে নবদ্বীপের সমকক্ষ নন; আবার চন্দননগরের বিশালাকার জগদ্ধাত্রীর রূপ বহুলাংশে শোলার সাজের আড়ালে ঢাকা পড়লেও নবদ্বীপের প্রতিটি মূর্তি উন্মুক্ত মাটির শরীরে সুষম, সুগঠিত ও লাবণ্যময়।

নবদ্বীপের এই সমাজ-সাংস্কৃতিক রূপের প্রথম নির্ভরযোগ্য ঐতিহাসিক বিবরণ পাওয়া যায় গিরিশচন্দ্র বসুর লেখায়। ১৮৫৩ থেকে ১৮৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত নবদ্বীপ-শান্তিপুর অঞ্চলের দারোগা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রত্যক্ষ অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছিলেন তাঁর 'সেকালের দারোগা কাহিনী' গ্রন্থে। সেখানে তিনি উল্লেখ করেন যে, শান্তিপুরের রাসে যেমন জনসমাগম হতো, নবদ্বীপেও পটপূজা উপলক্ষে সমান সমারোহ হতো। নামে পটপূজা হলেও বাস্তবে তা ছিল বিবিধ প্রতিমার মহাসমারোহ—যেখানে নদীয়া, বুইচপাড়া ও তেঘড়ির প্রায় প্রতিটি পল্লীতে কালী, বিন্ধ্যবাসিনী, জগদ্ধাত্রী, অন্নপূর্ণা প্রভৃতি দেবদেবীর মূর্তি নির্মিত হতো এবং বিসর্জনের দিন নির্দিষ্ট স্থানে দর্শক মনোরঞ্জনের জন্য সব প্রতিমা একত্রিত করে 'আড়ং' অনুষ্ঠিত হতো।

কালের নিয়মে নবদ্বীপের এই উৎসবে যুক্ত হয়েছে নানা বিচিত্র রূপের দেবদেবী। ১৭১৮ খ্রিস্টাব্দে তান্ত্রিক ভৃগুরামের জ্যেষ্ঠপুত্র গদাধর কর্তৃক তেঘরীপাড়ায় প্রতিষ্ঠিত ২৯ ফুট উচ্চতার বড়শ্যামা মাতা রাস পূর্ণিমাতেই কেবল মৃন্ময়ী রূপ ধারণ করেন। রামসীতা পাড়ার সাবেকি বামাকালী মাতা তন্ত্রমতে পূজিতা হন, যেখানে মায়ের বাম চরণ শিবের বক্ষে স্থাপিত। কালিকাপুরাণের ধ্যান ও বীরাচার মতে জড়বৎ শিবের ওপর মহাকালের বিপরীত রতিক্রিয়ায় মগ্ন ব্যাদড়াপাড়া ও আমপুলিয়ার প্রাচীন শবশিবা মাতা নবদ্বীপের তান্ত্রিক ইতিহাসের অন্যতম নিদর্শন। এছাড়া রাধাবাজারের মালো সম্প্রদায়ের যুদ্ধংদেহী রণকালী, রাবণ বধের নিমিত্ত অকালবোধনের পূর্ববর্তী রূপ নির্দেশক সুবিশাল দুই ভদ্রকালী, এবং ১৮৬৭ সালের প্রলয়ঙ্করী বন্যায় পুরাণগঞ্জ গঙ্গাগর্ভে বিলীন হওয়ার পর স্মৃতিবিজড়িত যোগনাথতলার গৌরাঙ্গিনী মাতা নবদ্বীপের রাসের গৌরবোজ্জ্বল অধ্যায়। একইসঙ্গে এখানে ঘটেছে শাক্ত ও বৈষ্ণবের অভূতপূর্ব মেলবন্ধন—যার মূর্ত প্রতীক ফাঁসিতলার অর্ধনারীশ্বর 'কৃষ্ণকালী' এবং রামসীতা পাড়ার জগজ্জননী কালীর কোলে শ্রীকৃষ্ণকে ধারণ করা 'কৃষ্ণমাতা'। দেবী দুর্গার অসুরবিজয়ী রূপের প্রতিফলন হিসেবে পোড়ামাতলা, ছোট বাজার ও নন্দীপাড়ার মহিষাসুরমর্দিনী পূজাও সমহিমায় উদ্ভাসিত।

পূজার পরদিন অনুষ্ঠিত হয় নবদ্বীপের ঐতিহাসিক শোভাযাত্রা বা 'আড়ং'। ভোরের আলো ফুটতেই ১০৮ জন বেয়ারার কাঁধে চড়ে বের হয় যোগনাথতলার গৌরাঙ্গিনী মাতার রাজকীয় শোভাযাত্রা। দুপুরে রাজপথ প্রকম্পিত করে বের হয় প্রায় কুড়ি হাত উচ্চতার দুই সুবিশাল ভদ্রকালী। সন্ধ্যার প্রাক্কালে শুরু হয়ে যায় মূল আড়ং, যেখানে প্রায় চার শতাধিক বিশালাকার প্রতিমা নিজস্ব সুদৃঢ় লোহার গাড়িতে চড়ে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, আলোর রোশনাই ও ভক্তদের কোলাহলে সারারাত ধরে রাজপথ প্রদক্ষিণ করে। পোড়ামাতলার জাগ্রত বটবৃক্ষের নিচে এই মহামিলন দেখে পরদিন সকালে ভাগীরথীর ঘাটে সুশৃঙ্খল নিরঞ্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে উৎসবের। সমাপ্তির সঙ্গেই শুরু হয় নবদ্বীপবাসীর আরও একটি বছরের প্রতীক্ষা। নবদ্বীপের রাস তাই কেবল আনন্দ-উচ্ছ্বাসের মেলা নয়; এটি বৈষ্ণব প্রেমধর্ম, শাক্ত বীরাচার এবং বঙ্গীয় মৃৎশিল্পের শতাব্দীপ্রাচীন ঐতিহ্য এক অভিন্ন মোহনায় এসে মেশার এক জীবন্ত ইতিহাস।

Enlarged festival gallery image