নবদ্বীপের ঐতিহ্যবাহী রাসে এবার রাজকীয় চমক, ২২ তারিখ আসছেন মুখ্যমন্ত্রী !
নবদ্বীপের ঐতিহ্যবাহী রাসে এবার রাজকীয় চমক, ২২ তারিখ আসছেন মুখ্যমন্ত্রী !
রাস উৎসবে নবদ্বীপে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সাজিয়ে তোলা হচ্ছে শান্তিপুর ও কোচবিহারকেও
নিজস্ব প্রতিনিধি: ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা উৎসবকে কেন্দ্র করে বড়সড় উদ্যোগ গ্রহণ করল রাজ্য সরকার। নবদ্বীপ, শান্তিপুর এবং কোচবিহারের রাস উৎসবকে আরও আকর্ষণীয় ও বর্ণময় করে তোলার বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে রাস উপলক্ষে আগামী ২২ তারিখ স্বয়ং নবদ্বীপে উপস্থিত থাকার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী।
নদিয়ার আড়ংঘাটার এক জনসভা থেকে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আসন্ন রাস পূর্ণিমায় নবদ্বীপ, শান্তিপুর এবং কোচবিহারকে বিশেষভাবে সাজিয়ে তোলার বিশেষ উদ্যোগ প্রশাসন ইতিমধ্যে হাতে নিয়েছে। শুধু তাই নয়, রাস পূর্ণিমার শুভলগ্নে আগামী ২২ তারিখ তিনি স্বয়ং উপস্থিত থাকবেন শ্রীচৈতন্যদেবের পুণ্যভূমি নবদ্বীপে। সেখানে রাস উৎসবের মূল অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি একাধিক ধর্মীয় কার্যক্রমেও যোগ দেবেন তিনি। একই সঙ্গে নবদ্বীপের প্রাচীন ঐতিহ্যবাহী মঠ ও মন্দিরগুলির সংস্কারের ওপরও রাজ্য সরকার বিশেষ নজর দিচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।
বক্তব্যে রাজ্যের অন্যান্য মেলা ও উৎসবের প্রসঙ্গের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, গঙ্গাসাগর মেলাকে ইতিমধ্যে আন্তর্জাতিক মানের মেলা হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তার জন্য রাজ্য প্রশাসন পুরোদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। পাশাপাশি আসন্ন জগদ্ধাত্রী পুজো উপলক্ষে তিনি চন্দননগর ও কৃষ্ণনগর উভয় স্থানেই যাবেন বলে জানান। রাজ্যের সংস্কৃতি, ঐতিহ্য ও সর্বজনীন উৎসবগুলিকে বিশ্বদরবারে পৌঁছে দিতে যে রাজ্য সরকার সদা সচেষ্ট, মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় তা আরও একবার স্পষ্ট হলো।