লজ্জায় জিভ কাটলেন গোপবধূ, আর সেই রূপেই ধরা দিলেন মা কালী!
লজ্জায় জিভ কাটলেন গোপবধূ, আর সেই রূপেই ধরা দিলেন মা কালী!
তখনও ভোরের কুয়াশা কাটেনি। ভোরের আলো ফোটার আগেই জড়তা ঝেড়ে গঙ্গার ঘাটের দিকে পা বাড়ালেন সাধক কৃষ্ণানন্দ। হঠাৎ নবদ্বীপের এক গোপপল্লিতে তাঁর নজর আটকে গেল এক কৃষ্ণবর্ণা গোপবধূর দিকে। ডান পা সামান্য এগিয়ে, একহাতে গোবরের তাল নিয়ে মাটির দেওয়ালে প্রলেপ দিচ্ছিলেন সেই বধূ। একঢাল ঘন কালো চুল কোমর ছাপিয়ে লুটোপুটি খাচ্ছিল মাটিতে।
হঠাৎই পিছনে পদশব্দ শুনে বধূটি ঘুরে তাকালেন। সামনে দাঁড়িয়ে স্বয়ং মহামহোপাধ্যায় কৃষ্ণানন্দ বাগীশ ভট্টাচার্য! প্রখ্যাত পণ্ডিতকে দেখে লজ্জায় ও সম্ভ্রমে নিজেকে ঢাকতে গিয়ে খসে পড়ল পরনের স্বল্পবাস। দু’হাতে গোবর লেপা, তাই নিজেকে আবৃত করার কোনো উপায় ছিল না। নিরুপায় হয়ে লজ্জায় দাঁত দিয়ে জিভ কাটলেন সেই শ্যামলা রমণী।
আর ঠিক সেই মুহূর্তে সাধক কৃষ্ণানন্দের চোখে ঘটে গেল এক পরম অলৌকিক দর্শন! তিনি রক্তমাংসের সাধারণ মানবীকে আর দেখতে পেলেন না; তাঁর চোখের সামনে উদ্ভাসিত হয়ে উঠলেন আজীবনের আরাধ্য ইষ্টদেবী মা দক্ষিণাকালী। বধূর আলুলায়িত মুক্তকেশী কেশরাশি হয়ে উঠল দেবীর মেঘবরণ চুল, গোবরের তাল ধরা হাতটি যেন ভক্তকে দেওয়া বরাভয় মুদ্রা। কপাল জুড়ে ঘামে ছড়িয়ে পড়া সিঁদুর সাক্ষাৎ জ্বলন্ত ত্রিনয়ন হয়ে উঠল, আর লজ্জায় কাটা সেই জিভ যেন মহাকালের বুকের ওপর দাঁড়িয়ে থাকা পরম মাতৃরূপের জীবন্ত প্রতিচ্ছবি।
মুহূর্তের মধ্যে সাধকের মনে অনুরণিত হয়ে উঠল
‘কালীতন্ত্রে’র সেই অমর শ্লোক— “করালবদনা ঘোরাং মুক্তকেশীং চতুর্ভুজাম্...”।
নবদ্বীপের মাটিতে রচিত হলো এক অবিস্মরণীয় নতুন ইতিহাস। ষোড়শ শতকের প্রথমার্ধের সেই কাকভোরেই বঙ্গভূমির সাধারণ গৃহস্থের ঘরে ঘরে চিরদিনের জন্য প্রতিষ্ঠা পেলেন শান্ত, করুণাময়ী মা দক্ষিণা কালী। আমরা যে আজ ঘরে ঘরে মাটির প্রতিমায় মৃন্ময়ী রূপের পুজো করি, তার শুভ সূচনা হয়েছিল শ্রীচৈতন্যদেবের পুণ্যধাম নবদ্বীপের মাটিতেই, সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশের হাত ধরে।