“ সেকালের দারোগা কাহিনী “ গ্রন্থে নবদ্বীপের শাক্তরাস সম্পর্কে গিরিশচন্দ্র বসু। গ্রন্থটি লিখিত ১২৯৩ বঙ্গাব্দের শ্রাবণ মাসে (১৮৮৬ খ্রিষ্টাব্দ)
“ সেকালের দারোগা কাহিনী “ গ্রন্থে নবদ্বীপের শাক্তরাস সম্পর্কে গিরিশচন্দ্র বসু। গ্রন্থটি লিখিত ১২৯৩ বঙ্গাব্দের শ্রাবণ মাসে (১৮৮৬ খ্রিষ্টাব্দ)
নবদ্বীপের শাক্তরাস বিষয়ে প্রথম আলোকপাত করেছেন গিরিশচন্দ্র বসু। ইনি ১৮৫৩-১৮৬০ খ্রিস্টাব্দে নবদ্বীপ-শান্তিপুর ও কৃষ্ণনগরের দারোগা ছিলেন। তার রচিত “সেকালের দারোগা কাহিনী” (প্রকাশকাল ১৮৮৬ খ্রি.) থেকে তৎকালীন নবদ্বীপের ভৌগোলিক অবস্থান সহ সমাজ-সংস্কৃতিমূলক বিবিধ সংবাদ জানা যায়। নবদ্বীপের রাস সম্পর্কে তিনি লিখেছেন,
“ রাসপর্বে শান্তিপুরে যেমন রঙ্গতামাসা এবং বহুলোকের সমাগম হয়, নবদ্বীপেও এই পূর্ণিমায় পটপূজা উপলক্ষে সেইরূপ সমারোহ হইয়া থাকে। নবদ্বীপের পটপূজা অতি প্রসিদ্ধ ব্যাপার। নামে পটপূজা কিন্তু বাস্তবিক ইহা নানাবিধ প্রতিমার পূজা। দশভূজা, বিন্ধ্যবাসিনী, কালী, জগদ্ধাত্রী, অন্নপূর্ণা প্রভৃতি দেবদেবীর মুর্তি গঠিত হয়। নদীয়া, বুইচপাড়া ও তেঘরির প্রায় প্রত্যেক পল্লীতেই এক একখানি করিয়া প্রতিমা হয়। প্রতিমাগুলি অত্যন্ত হালকা এমন কি ৫/৬ জন মজুরে তাহা স্কন্ধে করিয়া নাচাইতে পারে।
পটপূজার বিসর্জনের দিন উপস্থিত হইল। যে সকল স্থানে বহু প্রতিমা হয়, তাহার সর্বত্রই বিসর্জনের দিবস কোনও এক নির্দিষ্ট স্থানে এবং দর্শকদিগের মনোরঞ্জনের নিমিত্ত সমুদয় প্রতিমা আনিয়া একত্রিত করা হয় এবং ইহাকে কৃষ্ণনগর অঞ্চলে প্রতিমার আড়ঙ্গ কহে। পটপূজার বেলা দ্বিতীয় প্রহরের সময় আরম্ভ হইয়া সন্ধ্যার অনেক পূর্ব্বেই শেষ হইয়া যায়।
রাস প্রসঙ্গে কান্তিচন্দ্র রাঢ়ি
নবদ্বীপ গবেষক কান্তিচন্দ্র রাঢ়ি রাস প্রসঙ্গে অনেক তত্ত্বের অবতারণা করেছেন, নবদ্বীপ মহিমা বইয়ে লিখেছেন,
“ বহুদিন হইতে নবদ্বীপে রাসপূর্ণিমার বারইয়ারী পূজা হইয়া থাকে। ঐ সময়ে আদ্যাশক্তি ভগবতী দেবীর নানামূর্তি পূজিত হইয়া থাকে এবং পূজার পরের দিবস ঐ প্রতিমাসমূহ মহারাজকে দেখাইবার নিমিত্ত পোড়া-মা তলায় সোৎসাহে আনীত হইত। মহারাজ ঐসব মুর্তির গঠন-নৈপুণ্য, চিত্রের বিচিত্রতা, সাজের পরিপাট্য ইত্যাদি পরীক্ষা করিতেন এবং যে শিল্পী যে বিষয়ে শ্রেষ্ঠ বলে বিবেচিত হইতেন, তিনি যথোচিত পারিতোষিক পাইতেন। ”
এখানে উল্লিখিত মহারাজ যে গিরীশচন্দ্র তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ কৃষ্ণচন্দ্রের আমলে বারোয়ারি পূজার প্রচলন ছিল না। নদিয়ার রাজার শিল্পের কদর বুঝতেন অকুণ্ঠ চিত্তে সম্মান জানাতেন জগৎস্রষ্টাকে।