॥ ঐতিহ্য • ভক্তি • উৎসব ॥ Nabadwip, West Bengal · Celebrating Our Living Heritage
✦ Ras Festival 2026 · News & Updates ✦

বাংলার উৎসবের তালিকা থেকে উধাও নবদ্বীপের রাস মায়াপুরের চাকচিক্যের মোহেই কি ঢাকা পড়ছে ঐতিহ্যের ইতিহাস?

বাংলার উৎসবের তালিকা থেকে উধাও নবদ্বীপের রাস মায়াপুরের চাকচিক্যের মোহেই কি ঢাকা পড়ছে ঐতিহ্যের ইতিহাস?
নবদ্বীপ রাস উৎসব · ২০২৬

বাংলার উৎসবের তালিকা থেকে উধাও নবদ্বীপের রাস মায়াপুরের চাকচিক্যের মোহেই কি ঢাকা পড়ছে ঐতিহ্যের ইতিহাস?

বাংলার উৎসবের তালিকা থেকে উধাও নবদ্বীপের রাস মায়াপুরের চাকচিক্যের মোহেই কি ঢাকা পড়ছে ঐতিহ্যের ইতিহাস?

সম্প্রতি প্রকাশিত পশ্চিমবঙ্গের প্রধান উৎসবের তালিকায় জায়গা পায়নি নবদ্বীপের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী রাস উৎসব। যে পার্বণকে কেন্দ্র করে প্রতি বছর একটি গোটা প্রাচীন জনপদ কার্যত জনসমুদ্রে পরিণত হয়, যার শিকড় জড়িয়ে রয়েছে বাংলার শত শত বছরের লোকসংস্কৃতির গভীরে—সেই মহোৎসবই আজ রাজ্য স্তরের সরকারি ও মূলধারার প্রচারের মানচিত্রে পুরোপুরি অনুপস্থিত। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে নবদ্বীপের সংস্কৃতিপ্রেমী মানুষ ও স্থানীয় বারোয়ারিগুলির মধ্যে। প্রশ্ন উঠছে, এ কি কেবলই প্রশাসনিক উদাসীনতা, নাকি ভাগীরথীর উল্টো পাড়ের মায়াপুরকে ঘিরে চলা লাগাতার প্রচারের আড়ালে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হারিয়ে যেতে বসছে আসল নবদ্বীপের নিজস্ব পরিচয়?

বাঙালির বারো মাসে তেরো পার্বণের ইতিহাসে নবদ্বীপের রাস উৎসব সম্পূর্ণ স্বতন্ত্র ও অনন্য। এটি নিছক কোনো ধর্মীয় আচার নয়, বরং শাক্ত ও বৈষ্ণব দর্শনের এক বিরল ঐতিহাসিক মহামিলন। শহরের অলিগলিতে রাস উপলক্ষে পূজিত হন প্রায় পাঁচ শতাধিক অতিকায় এবং প্রাচীন দেবী প্রতিমা। পোড়ামাতলার মহিষমর্দিনী, গৌরাঙ্গিনী মাতা, রাজকীয় বড়শ্যামা, তেজস্বিনী রণকালী ও ভদ্রকালী থেকে শুরু করে রামসীতা পাড়ার সুবিখ্যাত বামাকালী, জাগ্রত এলানিয়া কালী কিংবা শবশিবা মাতা প্রতিটি বিগ্রহের রূপ ও নির্মাণশৈলীতে জড়িয়ে রয়েছে বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্পের শ্রেষ্ঠ নিদর্শন। এই উৎসবের চূড়ান্ত রূপ দেখা যায় এর বর্ণাঢ্য রাজযাত্রা ও ঐতিহ্যবাহী শোভাযাত্রায়। দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা লক্ষ লক্ষ মানুষের সমাগমে সমগ্র শহর প্লাবিত হয়। সেই বিশালাকার প্রতিমা নিয়ে নিরঞ্জনের ঐতিহাসিক রাজযাত্রা দেখতে রাতভর রাস্তায় ভিড় জমান মানুষ। সম্পূর্ণ লোকায়ত শক্তিতে এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণে গড়ে ওঠা এত বড় একটি গণউৎসবে যখন জনপ্লাবন নামে, তখন রাজ্যের প্রধান উৎসবের তালিকায় এর কোনো উল্লেখ না থাকা এক চরম ঐতিহাসিক অবিচার।

সাংস্কৃতিক মহলের অভিযোগ, এই বঞ্চনার পেছনে অন্যতম বড় কারণ নবদ্বীপ ও মায়াপুরকে গুলিয়ে ফেলার বিভ্রান্তিকর মানসিকতা। আজ অধিকাংশ মানুষের কাছে ‘নবদ্বীপ ধাম’ নামটির স্বকীয়তা মুছে গিয়ে সেখানে কৃত্রিমভাবে বসিয়ে দেওয়া হচ্ছে মায়াপুরের ছবি। আন্তর্জাতিক সংস্থার বিপুল প্রচার বাজেট, সোশ্যাল মিডিয়ার আগ্রাসী পিআর এবং বিদেশি ভক্তদের উপস্থিতির মোহে এক শ্রেণির বাঙালি আজ মায়াপুর নিয়ে মাতোয়ারা। বিদেশিদের মুখে বাংলা সংকীর্তন বা গেরুয়া বসন পরার চটকদার দৃশ্য দেখে সাধারণ পর্যটকরা যখন মায়াপুরকেই নবদ্বীপের একমাত্র পরিচয় বলে ধরে নিচ্ছেন, তখন ভাগীরথীর পশ্চিম পাড়ে দাঁড়িয়ে থাকা আসল নবদ্বীপ ধাম হারাচ্ছে তার প্রাসঙ্গিকতা। মায়াপুরের কৃত্রিম আধ্যাত্মিক পর্যটনের চাকচিক্যের নিচে সম্পূর্ণ চাপা পড়ে যাচ্ছে প্রাচীন নবদ্বীপের শতবর্ষ প্রাচীন বারোয়ারি ঐতিহ্য, ঐতিহ্যবাহী আখড়া এবং মাটির টান। নবদ্বীপ বলতে যদি শুধুই মায়াপুরকে প্রচারের কেন্দ্রে রাখা হয়, তবে নবদ্বীপের রক্ত ঘামে গড়া শতাব্দীপ্রাচীন রাস উৎসব মূল তালিকা থেকে ছিটকে যাবে এটাই স্বাভাবিক পরিণতি হয়ে দাঁড়িয়েছে।

মায়াপুরের নিজস্ব কর্মকাণ্ড নিয়ে কারও আপত্তি নেই, যদিও বা নবদ্বীপের রাস উৎসব যত প্রাচীন তখন মায়াপুর নামক কোনো স্থানই ছিলো না। কিন্তু সেই প্রচারের চাপে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও নব্যন্যায়ের চারণভূমি প্রাচীন নবদ্বীপ ধামের সাংস্কৃতিক অস্তিত্ব বিলীন হয়ে যাওয়া কোনোভাবেই কাম্য নয়। পাঁচ শতাধিক সুবিশাল প্রতিমার আরাধনা আর লক্ষ লক্ষ মানুষের রাজযাত্রায় মুখরিত যে শহর, তাকে পর্যটন ও উৎসবের তালিকা থেকে ব্রাত্য রাখা কোনো স্বাভাবিক ভুল হতে পারে না। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিভ্রান্তিকর প্রচারের পর্দা সরিয়ে এখনই নবদ্বীপের রাস উৎসবকে তার প্রাপ্য ঐতিহাসিক ও হেরিটেজ মর্যাদা দিতে হবে, কারণ নবদ্বীপ কারও পরিপূরক নয় নবদ্বীপের নামেই এই জনপদের ইতিহাস।

Enlarged festival gallery image