বাংলার প্রথম দক্ষিণাকালী মূর্তি তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশের নবদ্বীপের আগমেশ্বরী মাতা।
বাংলার প্রথম দক্ষিণাকালী মূর্তি তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশের নবদ্বীপের আগমেশ্বরী মাতা।
নবদ্বীপের আগমেশ্বরী পাড়ায় অবস্থিত আগমেশ্বরী কালী মাতার মন্দির..বাংলার দক্ষিণা কালীর প্রবর্তক কৃষ্ণানন্দ আগমবাগীশের প্রথম দক্ষিণা কালী পূজা এই আগমেশ্বরী মাতাই।
সপ্তদশ শতকের নবদ্বীপের প্রথিতযশা তান্ত্রিক কৃষ্ণানন্দ আগমবাগীশকে বাংলায় কালীমূর্তি ও কালীপূজার প্রবর্তক মনে করা হয়।তাঁর পূর্বে কালী উপাসকগণ তাম্রটাটে ইষ্টদেবীর যন্ত্র এঁকে বা খোদাই করে পূজা করতেন।পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “কৃষ্ণানন্দ আগমবাগীশ স্বয়ং কালীমূর্তি গড়িয়া পূজা করিতেন। আগমবাগীশের দৃষ্টান্ত অনুসরণ করিয়া বাংলার সাধক সমাজ অনেকদিন চলেন নাই; লোকে ‘আগমবাগিশী’ কাণ্ড বলিয়া তাঁহার পদ্ধতিকে উপেক্ষা করিত।অষ্টাদশ শতাব্দীতে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় কালীপূজাকে জনপ্রিয় করে তোলেন।এই সময় রামপ্রসাদ সেনও আগমবাগীশের পদ্ধতি অনুসারে কালীপূজা করতেন।ঊনবিংশ শতাব্দীতে কৃষ্ণচন্দ্রের পৌত্র ঈশানচন্দ্র ও বাংলার ধনী জমিদারদের পৃষ্ঠপোষকতায় কালীপূজা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।।
তখনও ভোরের আলো ফোটেনি। জড়তা ঝেড়ে উঠে পড়লেন কৃষ্ণানন্দ। গোপপল্লি দিয়ে এগিয়ে যেতে থাকেন গঙ্গার ঘাটের দিকে। হঠাৎ তাঁর নজরে পড়ে এক গোপবধূ। গায়ের রঙ কালো। কিন্তু তাতে কী অপরূপ লাবণ্য। কর্মব্যস্ত বধূকে দেখে থমকে গেলেন কৃষ্ণানন্দ। ডান পা সামনে বাড়িয়ে বাঁ হাতে একতাল গোবর নিয়ে ডান হাতে করে কুটিরের মাটির দেওয়ালে ছুঁড়ে প্রলেপ দিচ্ছে সেই শ্রীময়ী। একঢাল ঘন কালো চুল কোমর ছাপিয়ে হাঁটু ছুঁই ছুঁই। পরনে খাটো বস্ত্র।
কৃষ্ণানন্দ দাঁড়িয়ে পড়লেন। শেষ রাতে শোনা কথাগুলো ফের বাজতে থাকল যেন। এমন সময়ে হঠাৎ পিছন ফিরে ভট্টাচার্য মশাইকে দেখে হতচকিত সেই বধূ। কৃষ্ণানন্দ তাকিয়ে দেখেন উজ্জ্বল দু’টি চোখে বড় মায়া। সারা মুখ পরিশ্রমের ঘাম জমেছে বিন্দু বিন্দু। কপালের সিঁদুর ধেবড়ে ছড়িয়ে গিয়েছে দুই ভ্রু জুড়ে। প্রবল প্রতাপশালী মহামহোপাধ্যায় কৃষ্ণানন্দ বাগীশ ভট্টাচার্যকে দেখে বিব্রত বধূ নিজেকে ঢাকার চেষ্টা করতেই পরনের স্বল্পবাসটুকুও গেল খসে। দু’হাতে গোময়। লজ্জায় জিভ কাটলেন নিরুপায় রমণী। সব ভুলে গিয়ে সাধক কৃষ্ণানন্দ আপন মনের মাধুরী মিশায়ে দেখতে লাগলেন তাঁর ইষ্টদেবী কালিকার অধরা রূপটি। দেবী ঘোর কৃষ্ণবর্ণা, আলুলায়িত কেশরাশি। গোবরের তাল ধরা ডান হাতে যেন বরাভয়ের মুদ্রা। বাঁ হাতে খড়্গ। জীবজগতের মঙ্গল এবং আসুরিক শক্তির বিনাশের জন্য যা সদা উদ্যত। দু’চোখে অপার করুণা। কপালে জুড়ে ছড়িয়ে থাকা সিঁদুর যেন তৃতীয় নয়ন।
মহাপণ্ডিত আগমবাগীশের মনে পড়তে লাগল ‘কালীতন্ত্রে’ দেবীর রূপের বর্ণনা—
করালবদনা ঘোরাং মুক্তকেশীং চতুর্ভুজাম/ কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষীতাম/ সদ্যশ্ছিন্নশিরঃ খড়গ বামাবোর্ধ করামবুজাম/ অভয়ং বরদাঞ্চৈব দক্ষিণাদ্ধোর্ধ পানিকাম।
ঘোর কাটতে যা দেরি। আর সময় নষ্ট করলেন না আগমবাগীশ। তৎপর হলেন কল্পনার দেবীমূর্তিকে রূপদান করতে। তন্ত্রে পারঙ্গম বিশেষ সাধনশক্তির আধিকারী আগমশাস্ত্রে সুপণ্ডিত কৃষ্ণানন্দ এবার প্রস্তুত হলেন তাঁর দীর্ঘ দিনের সাধনার ফসল তন্ত্রসার এবং দেবী কালিকার নতুন উপাসনা পদ্ধতিকে সাধারণ গৃহস্থের ঘরে পৌঁছে দিতে।
ইতিহাস বলে এসবই ঘটেছিল শ্রীচৈতন্যের নিজের দেশ নবদ্বীপের মাটিতে। সময়টা ষোল শতকের প্রথমার্ধ। পৃথিবীর তাবৎ বৈষ্ণবকুলের কাছে পবিত্রতম তীর্থক্ষেত্র নবদ্বীপ ধামে।
চৈতন্যদেবের পরিকর অদ্বৈতাচার্যের পৌত্র ছিলেন মথুরেশ গোস্বামী। বৈষ্ণব হয়েও নবদ্বীপের বাসিন্দা তন্ত্রসাধক সার্বভৌম আগমবাগীশের পুত্র রত্নগর্ভ আগমবাগীশের হাতে তিনি মেয়েকে সম্প্রদান করলেন। এই রত্নগর্ভ আগমবাগীশ ছিলেন পণ্ডিত কৃষ্ণানন্দ আগমবাগীশের পৌত্র। কিন্তু বড় গোস্বামী বাড়ি বৈষ্ণবতীর্থ হওয়ায় সেখানে পঞ্চমুন্ডির আসন প্রতিষ্ঠা না করে জামাতার জন্য আলাদা স্থানে এই আসন প্রতিষ্ঠা করে দেন (পন্ডিত সমাজে দ্বিমত আছে)। তখন থেকেই নবদ্বীপের আগমেশ্বরী মাতার অনুকরণে শান্তিপুরেও আগমেশ্বরী কালী মাতার পূজার সূত্রপাত হয়।
আগমবাগীশের বৃহৎ তন্ত্রসার : বৃহৎ তন্ত্রসার তন্ত্র সাধনার নানা গ্রন্থে উল্লিখিত দশমহাবিদ্যার বিভিন্ন দেবীর সামাজিক পূজা পদ্ধতির একটি গ্রন্থ। তন্ত্রশাস্ত্রে সুপন্ডিত তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ ১৭০টি তন্ত্র সাধনার গ্রন্থ থেকে নির্যাস গ্রহণ করে বিখ্যাত "তন্ত্রসার" গ্রন্থটি রচনা করেন।সমগ্র দেশে এই গ্রন্থটি সমাদৃত হয়। কৃষ্ণানন্দ ছিলেন উদারচেতা, ধর্মবিষয়ে তাঁর কোনো গোড়ামি ছিল না। তাই তন্ত্রসার গ্রন্থে শৈব, গণপত্য, শাক্ত, বৈষ্ণব ও সৌর সম্প্রদায়ের তন্ত্রগ্রন্থগুলির সার গ্রহণ করে সন্নিবেশন হয়েছে। তিনি তন্ত্র বিষয়ে তত্ত্ববোধিনী নামে আরও একটি গ্রন্থ লেখেন।
নবদ্বীপের এই কৃষ্ণানন্দ আগমবাগীশের আগমেশ্বরী মাতাকে নিয়ে বাংলা চলচিত্রে একটি ছায়াছবি নির্মিত হয় "মাতা আগমেশ্বরী" নামে। ২০২১ সালে নবদ্বীপের কৃষ্ণানন্দ আগমবাগীশ চরিত্র নিয়ে শ্রী অভিক সরকারের লিখিত নতুন একটি ছায়াছবি মুক্তি পায় "পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর আসবেই" নামে।